Main Menu

সরাইলে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে ৬৭০ বস্তা সারসহ ট্রলারডুবি

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামসংলগ্ন মেঘনা নদীতে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে ৬৭০ বস্তা সারবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে ঘন কুয়াশার মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
ডুবে যাওয়া ট্রলারে টিএসপি, ডিএপি ও এমওপি সার ছিল। এসব সার কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় নেওয়া হচ্ছিল। দুর্ঘটনায় সার ডিলার ও নৌকার মালিকপক্ষ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মিঠামইন উপজেলার বিএডিসির সার ডিলার মেসার্স মাসুম ভূইয়া ট্রেডার্স চলতি নভেম্বর মাসে ৯৫০ বস্তা সরকারি সার বরাদ্দ পায়। এর মধ্যে ৬৭০ বস্তা সার গত রোববার বিকেলে ভৈরব নদীবন্দর থেকে বিল্লাল মাঝির ট্রলারে বোঝাই করা হয়। এসব সারের মধ্যে ছিল টিএসপি ১০০ বস্তা, ডিএপি ৩২০ বস্তা ও এমওপি ২৫০ বস্তা।
সোমবার ভোরে ট্রলারটি মিঠামইনের উদ্দেশে রওনা হয়। সকাল ৭টার দিকে সরাইলের অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামসংলগ্ন মেঘনা নদীতে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেডের সঙ্গে ট্রলাটির সংঘর্ষ হয়। এতে সারসহ ট্রলারটি নদীতে ডুবে যায়।
ডিলার ও নৌকার মালিকপক্ষ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় ডুবরিদের সহায়তায় ডুবে যাওয়া ট্রলার উদ্ধারের চেষ্টা করা হবে।
এদিকে, দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সার মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
ক্ষতিগ্রস্ত সার ডিলার মেসার্স মাসুম ভূইয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মাসুম ভূইয়া বলেন, ৯৫০ বস্তা বরাদ্দের মধ্যে ৬৭০ বস্তা সার বিল্লাল মাঝির ট্রলারে ভৈরব থেকে মিঠামইনের উদ্দেশে পাঠানো হয়েছিল। পথে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে সারসহ ট্রলারটি ডুবে যায়। এতে তিনি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
মিঠামইন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওবায়দুল ইসলাম খান অপু বলেন, ট্রলারডুবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares