সরাইলে প্রতিবন্ধীর বাড়ি দখলের চেষ্টা; ভাতিজার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ
[Web-Dorado_Zoom]
মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে প্রতিবন্ধী চাচার বাড়ি দখলের চেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী হোসেন মিয়া তার ভাতিজা সাব্বির মিয়া (১৮), সাব্বিরের মা রেখা আক্তারসহ ৪ জনকে আসামি করে সরাইল থানায় অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত রোববার (২৯ মার্চ) সাব্বির মিয়া দা নিয়ে হোসেন মিয়ার ঘরে প্রবেশ করে তাকে হত্যার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়।
হোসেন মিয়ার স্ত্রী মাহমুদা আক্তার অভিযোগ করেন, তার ভাসুর প্রবাসী কাশেম মিয়ার স্ত্রী ও ছেলে জোরপূর্বক তাদের জমিতে পাকা গোসলখানা ও টয়লেট নির্মাণ করে ব্যবহার করছেন। কিন্তু তাদের তা ব্যবহার করতে দিচ্ছেন না। বরং দীর্ঘদিন ধরে গালাগালি, মারধরসহ বিভিন্নভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছেন এবং বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন।
অভিযোগ অস্বীকার করে রেখা আক্তার বলেন, তারা পারিবারিকভাবে মিলেমিশে গোসলখানা ব্যবহার করছেন। তার দাবি, জমিটি তাদেরকে দেওয়ার কথা ছিল। তবে ছেলের বিরুদ্ধে আনা হত্যাচেষ্টার অভিযোগটি তিনি মিথ্যা বলে দাবি করেন।
এ বিষয়ে অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, বিষয়টি তিনি অবগত নন। খোঁজ নিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করবেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদির ভূঁইয়া বলেন, অভিযোগটি তার জানা নেই। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
« বিজয়নগরে গাড়িচাপায় অজ্ঞাত যুবতীর মৃত্যু (Previous News)



















