Main Menu

সরাইলে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে পুলিশের বাধার অভিযোগ, ধস্তাধস্তি

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত জশনে জুলুসের মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও মিছিলকারীদের মধ্যে উত্তেজনা ও ধস্তাধস্তির অভিযোগ উঠেছে।
শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সরাইল প্রাতঃবাজার মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য জশনে জুলুস বের করেন। মিছিলটি সরাইল প্রাতঃবাজার মসজিদসংলগ্ন এলাকায় পৌঁছালে পুলিশ সেটি থামিয়ে দেয় বলে অভিযোগ করেন আয়োজকরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মিছিলটি শহীদ মিনারের দিকে না যাওয়ার জন্য বলা হয়।
পরে বাংলাদেশ তরিকত ফাউন্ডেশনের সভাপতি ও সরাইল উপজেলা মুফতি সাইফুল ইসলাম জিলানী রেজভীর নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী শহীদ মিনারের সামনে গিয়ে ‘নারায়ে রিসালাত, ইয়া রাসুলুল্লাহ’ স্লোগান দেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
প্রত্যক্ষদর্শীদের দাবি, একপর্যায়ে সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজ করেন। পরে তাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি হয় বলে অভিযোগ করা হয়।
তবে মিছিলে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া।
তিনি বলেন, “কাউকে বাধা দেওয়া হয়নি বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পূর্বনির্ধারিত রোডম্যাপ অনুসরণ করে মিছিল শেষ করতে বলা হয়েছিল।”
ঘটনার সময় সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মিছিলকারীরা প্রাতঃবাজার মসজিদের সামনে অবস্থান নেন। সেখান থেকেই তারা মিছিল শেষ করে চলে যান।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares