শেরপুর কবরস্থানে মায়ের কবরের পাশে শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ
[Web-Dorado_Zoom]
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হারুন আল রশীদের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে তাঁর তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় ইমামতি করেন মৌলভীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. জাকারিয়া। এর আগে মরহুমের দীর্ঘ রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং পরিবারের সদস্যরা।
জানাজায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এম. এ. মান্নান, জেলা প্রশাসক মো. আবু সাঈদ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহ-সভাপতি জহিরুল হক খোকন, যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপলসহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ।
জানাজা শেষে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান। পরে শহরের শেরপুর কবরস্থানে তাঁর মায়ের কবরের পাশে দাফন করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টার দিকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট হারুন আল রশীদ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ আসর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর শনিবার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ায় তৃতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।



















