ব্রাহ্মণবাড়িয়ায় লোকনাথ মন্দিরে শুরু হচ্ছে ১১ দিনব্যাপী আবির্ভাব উৎসব
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় কালাইশ্রীপাড়াস্থ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে শুরু হচ্ছে ১১ দিনব্যাপী ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। আগামী ২৭ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত এ উৎসব উপলক্ষে ৩২ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম নামযজ্ঞসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটি লোকনাথ কল্যাণ সংঘ, ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ৯ ভাদ্র (২৭ আগস্ট) বৃহস্পতিবার থেকে ১৯ ভাদ্র (৬ সেপ্টেম্বর) রবিবার পর্যন্ত এ ধর্মীয় উৎসব চলবে।
উৎসব উপলক্ষে ভক্তদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি। উৎসবের বিভিন্ন পর্বে অংশ নিয়ে সকলের মঙ্গল ও পবিত্রতা কামনা করার পাশাপাশি উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভক্তদের সহযোগিতা ও অনুদান কামনা করা হয়েছে।
আয়োজকদের প্রকাশিত অনুষ্ঠানসূচি অনুযায়ী, ২৭ আগস্ট বিকেল ৬টায় শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও ধর্মীয় আলোচনা করবেন ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষক শ্রী হরিশংকর চক্রবর্তী। রাত ৮টায় শ্রীশ্রী রাধাগোবিন্দের লীলা কীর্তন পরিবেশন করবেন ফরিদপুরের কুমারী পূজা রায়।
২৮ আগস্ট বিকেল ৬টায় গীতা পাঠ করবেন কুমিল্লার রামচন্দ্রপুরের শ্রী মধুসূদন গোস্বামী। রাত ৮টায় লীলা কীর্তন পরিবেশন করবেন কুমারী পূজা রায়।
২৯ আগস্ট বিকেল ৬টায় গীতা পাঠ ও ধর্মীয় আলোচনা করবেন শ্রী মধুসূদন গোস্বামী। রাত ৮টায় ধর্মীয় আলোচনা করবেন মাগুরার সৎসঙ্গ বেদান্ত মঠ ও মিশনের ভক্তপ্রবর শ্রীশ্রী স্বামী বিবোধানন্দ সরস্বতী মহারাজ।
৩০ আগস্ট বিকেল ৬টায় গীতা পাঠ করবেন ব্রাহ্মণবাড়িয়ার শ্রী কিষাণ দেবনাথ। রাত ৮টায় আলোচনা করবেন ভক্তপ্রবর শ্রীশ্রী ১০৮ স্বামী বিবেকানন্দ সরস্বতী মহারাজ।
৩১ আগস্ট বিকেল ৬টায় গীতা পাঠ করবেন শিক্ষক শ্রী পঙ্কজ কুমার রায়। এরপর ব্রাহ্মণবাড়িয়ার ‘টিম আনন্দময়ী’ ধর্মীয় সংগীত পরিবেশন করবে। রাত ৮টায় চট্টগ্রামের ‘টিম বৃষ্টি’র শ্রীমতী বৃষ্টি দে ধর্মীয় সংগীত পরিবেশন করবেন।
১ সেপ্টেম্বর বিকেল ৫টায় বর্ণাঢ্য শুভযাত্রার মাধ্যমে তিতাস নদীতে ‘অধিবাসের জলভরা’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় গীতা পাঠ করবেন ভক্তপ্রবর শ্রী নিত্যরঞ্জন চক্রবর্তী ও ভক্তপ্রবর শ্রী অভিজিৎ রায় (খোকন)। রাত ৮টায় শুভ অধিবাস কীর্তন পরিবেশন করবেন নরসিংদীর শ্রীশ্রী গোপীনাথ হরিসভা সংঘের শ্রী নিউটন দেবনাথ।
উৎসবের বাকি দিনগুলোর অনুষ্ঠানসূচিও পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। লোকনাথ বাবার কৃপাধারায় পুণ্য ও পবিত্রতা অর্জনের প্রত্যাশায় সকল ভক্তকে উৎসবে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে লোকনাথ কল্যাণ সংঘ, ব্রাহ্মণবাড়িয়া।
(Next News) নাসিরনগরে ডোবা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার »



















