Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী

[Web-Dorado_Zoom]
‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি—সুস্থ, সবল ও সুন্দর জীবন গড়ি’ প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের লোকনাথ দীঘির পাড়ে (টেংকের পাড়) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চ্যাম্পিয়নশিপে জেলার বিভিন্ন থানা এলাকার ১০টি পুরুষ ও ৬টি নারী কাবাডি দল অংশ নেয়। প্রতিযোগিতার ফাইনালে পুরুষ ও নারী—উভয় বিভাগেই ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা দল চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ। তাদের মাদক, কিশোর গ্যাং ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে নিয়মিত ক্রীড়া চর্চা গুরুত্বপূর্ণ।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক সমস্যা প্রতিরোধে পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মূল লক্ষ্য হলো জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে নিরাপদ সমাজ গড়ে তোলা।
পরে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা বিজয়ী দলগুলোকে অভিনন্দন জানান এবং প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্যের প্রশংসা করেন।
অনুষ্ঠানে জেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares