ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় কুলির মৃত্যু
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া শহরে ট্রেনের ধাক্কায় মাধব ঋষি (৪৫) নামে এক কুলি নিহত হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের কলেজগেট ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মাধব ঋষি শহরের শিমরাইলকান্দি ঋষিপাড়ার হারন ঋষির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শহরের আনন্দবাজার কাঁচামালের আড়তে কুলি হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় কলেজগেট ক্রসিং এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তনগর বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন মাধব ঋষি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রাশিদুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. শাহ আলম মিয়া বলেন, কলেজগেট ক্রসিং এলাকায় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মানবিক দৃষ্টিকোণ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
« আখাউড়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার (Previous News)
(Next News) ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ »



















