ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫টি কচ্ছপ জব্দ, বন বিভাগের তত্ত্বাবধানে অবমুক্ত
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে অভিযান চালিয়ে ৬৫টি কচ্ছপ জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। পরে কচ্ছপগুলো বন বিভাগের কর্মকর্তাদের তত্ত্বাবধানে প্রাকৃতিক আবাসস্থল সালদানদীতে অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার সালদানদী বিওপির টহলদল দায়িত্বপূর্ণ শহীদ মিনার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কচ্ছপগুলো ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৬৫টি কচ্ছপ জব্দ করা হয়। এর মধ্যে ৪টি বড় আকারের পেপসেল টারটেল এবং ৬১টি ছোট আকারের সন্দি কাসিম কচ্ছপ রয়েছে।
পরে দেশের প্রচলিত আইন ও বন্যপ্রাণী সংরক্ষণ বিধিমালা অনুযায়ী বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে এবং বিজিবির উপস্থিতিতে কচ্ছপগুলো সালদানদীতে অবমুক্ত করা হয়।
অবমুক্তকরণকালে সালদানদী কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. মাসুদ, কুমিল্লা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজেহার ইসলাম চৌধুরী, ব্রাহ্মণপাড়া উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং বনজ ও বন্যপ্রাণীসহ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে তাদের অভিযান অব্যাহত থাকবে।
« নবীনগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু (Previous News)
(Next News) আশুগঞ্জে স্বামীর মুখে তালাকের কথা শুনে স্ত্রীর আত্মহত্যা »



















