বিজয়নগরে ১ কোটি ৬৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্যসহ ট্রাক জব্দ
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্যসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্য ও ট্রাকের আনুমানিক মূল্য ১ কোটি ৬৩ লাখ ৬৪ হাজার ৪০ টাকা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল।
বিজিবি জানায়, সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাককে সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ট্রাক থেকে ভারতীয় উন্নতমানের ১৩৭টি কম্বল, ১ হাজার ৫৬৯ ক্যান রেড বুল এনার্জি ড্রিংকস, ১৮ হাজার ২৪৩ পিস চকলেট এবং ৮ হাজার ৪৫০টি উন্নতমানের সানগ্লাস উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
এ ছাড়া মঙ্গলবার রাতে সরাইল ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়িতে পৃথক অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা, ২৮ বোতল বিদেশি মদ ও ৫৭ বোতল বিয়ার জব্দ করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, জব্দ করা চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য ও ট্রাক আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার আইনগত প্রক্রিয়া চলছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদক প্রবেশ ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে।
« সরকারি খালের ওপর সেপটিক ট্যাংক নির্মাণ, নবীনগরে ইউএনওর অভিযানে উচ্ছেদ (Previous News)



















