Main Menu

বিজয়নগরে থোকায় থোকায় ঝুলছে টক, মিষ্টি আর রসে ভরা লটকন

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পাহাড়ঘেরা লাল মাটির বাগানগুলো এখন লটকনের ভারে নুয়ে পড়েছে। গাছের ডালজুড়ে থোকায় থোকায় ঝুলছে টক, মিষ্টি আর রসে ভরা এই মৌসুমি ফল। অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম থাকায় এবার উপজেলায় লটকনের বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগও আশা করছে, এ মৌসুমে প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকার লটকন বিক্রি হবে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর বিজয়নগর উপজেলায় প্রায় ১০ হেক্টর জমিতে লটকনের চাষ হয়েছে। উপজেলার পাহাড়ি এলাকার লাল মাটির ছায়াযুক্ত জায়গাগুলোতে সবচেয়ে ভালো ফলন মিলেছে। প্রতিটি বাগানে গাছগুলো লটকনে ভরে উঠেছে।
উপজেলার চম্পকনগর, মেরাসানি, সিঙ্গারবিল, বিষ্ণুপুর ও পাহাড়পুর এলাকায় লটকনের চাষ হয়েছে। এ ছাড়া এ অঞ্চলে কাঁঠাল, লিচু, চায়না কমলা ও মাল্টারও ভালো ফলন হয়েছে। ইতিমধ্যে শুরু হয়েছে লটকন সংগ্রহ ও বাজারজাতকরণ।
কৃষকেরা জানান, টক-মিষ্টি স্বাদ ও রসালো হওয়ায় বাজারে লটকনের চাহিদা বেশ। প্রতিদিন বাগানে এসে পাইকারেরা ফল কিনে নিয়ে যাচ্ছেন। সেখান থেকে জেলার বিভিন্ন বাজারের পাশাপাশি ভৈরব, কুমিল্লা ও হবিগঞ্জের বাজারেও সরবরাহ করা হচ্ছে।
লটকন বাগানের মালিক মো. আনোয়ার হোসেন বলেন, তাদের এলাকায় আগে থেকেই লিচু, কাঁঠাল, মাল্টা ও আমের চাষ হতো। সেই অভিজ্ঞতা থেকেই সাত-আট বছর আগে ময়মনসিংহ থেকে লটকনের চারা এনে বাগান করেন। শুরুতে অনেকেই বিষয়টি নিয়ে হাসাহাসি করেছিলেন। গত দুই বছর কিছু গাছে ফল এলেও এবার সব গাছেই লটকন ধরেছে। এ বছর লক্ষাধিক টাকার লটকন বিক্রির আশা করছেন তিনি। কৃষি বিভাগের কর্মকর্তারা নিয়মিত পরামর্শ দিচ্ছেন। সরকারি সহযোগিতা পেলে বাণিজ্যিকভাবে আরও বড় পরিসরে লটকন চাষ করা সম্ভব হবে বলেও জানান তিনি।
সিঙ্গারবিল গ্রামের আক্তার মিয়া বলেন, এবার লটকনের ফলন খুব ভালো হয়েছে। পাইকারেরা বাগান থেকেই প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকা দরে লটকন কিনে নিয়ে যাচ্ছেন।
বিজয়নগর উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন খান বলেন, বিজয়নগরের উর্বর মাটিতে লিচু, কাঁঠালসহ বিভিন্ন ফলের চাষ হয় এবং সেগুলো দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। কয়েকজন উদ্যোক্তা মিলে উপজেলায় প্রায় ১০ হেক্টর জমিতে লটকনের চাষ শুরু করেছেন। অনুকূল আবহাওয়ার কারণে এবার ফলনও হয়েছে বেশ ভালো। এ মৌসুমে আনুমানিক ১২ থেকে ১৫ লাখ টাকার লটকন বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares