Main Menu

বাঞ্ছারামপুরে গভীর রাতে যুবলীগ নেতার বাড়ির ঘরে আগুন, পুড়েছে আসবাবপত্র, রাজনৈতিক বিরোধের সন্দেহ

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দরিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা মির্জা শফিকুল ইসলাম স্বপনের পৈতৃক বাড়ির একটি বসতঘরে গভীর রাতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দরিকান্দি ইউনিয়নের খাল্লা গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে ঘরের কাঠ ও টিনের কাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, গভীর রাতে ওই বাড়িতে আগুনের শিখা দেখতে পান তারা। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
পরিবারের সদস্যদের ধারণা, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ঘরটিতে আগুন দিয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মির্জা শফিকুল ইসলাম স্বপনের বাবা মরহুম জীবন মিয়াও দরিকান্দি ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান ছিলেন। পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে ওই এলাকায় তাদের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড রয়েছে। স্বপনও দরিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে টানা তিনবার নির্বাচিত হন।
২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মির্জা শফিকুল ইসলাম স্বপন এলাকায় নেই বলে স্থানীয়রা জানিয়েছেন। অগ্নিকাণ্ডের পেছনে রাজনৈতিক বিরোধ বা প্রতিহিংসা থাকতে পারে বলে স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন। তবে এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
মির্জা শফিকুল ইসলাম স্বপন বলেন, ‘এটি আমার বাবার আমলের পুরোনো কাঠের তৈরি একটি ঘর। ঘরটির সঙ্গে আমাদের পরিবারের ঐতিহ্য ও স্মৃতি জড়িয়ে আছে। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের জন্য ও উন্নয়নে কাজ করেছি। প্রতিহিংসার কারণে আমাদের ঘরটি পুড়িয়ে দেওয়া হবে, এটা ভাবতেও পারছি না। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।’
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares