ফেসবুকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়ে পোস্ট: ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষককে মাউশির শোকজ
[Web-Dorado_Zoom]
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সোমবার (৩ আগস্ট) মাউশির শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক-২) মওদুদ আহম্মেদ স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
শোকজপ্রাপ্ত শিক্ষক হলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হায়দরনগর কলাকান্দি আসমাতুননেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শরীরচর্চা) মো. আবু তালেব (ইনডেক্স: N1134733)।
মাউশির আদেশে বলা হয়, সম্প্রতি নিজের ফেসবুক আইডি থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে মানহানিকর মন্তব্যসংবলিত পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে মো. আবু তালেবের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, তার এ কর্মকাণ্ড তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-সংক্রান্ত প্রচলিত আইন এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের চাকরির শর্ত সংশ্লিষ্ট বিধিমালার পরিপন্থী হতে পারে।
এ কারণে কেন তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে মাউশি।
আদেশে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দাখিল করতে ব্যর্থ হলে প্রচলিত বিধি অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
« আশুগঞ্জ টোলপ্লাজায় ভারতীয় কাতান শাড়িসহ প্রাইভেটকার আটক, গ্রেপ্তার ২ (Previous News)



















