Main Menu

নাসিরনগরে হাডুডু খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত অন্তত ১০

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঐতিহ্যবাহী হাডুডু (কাবাডি) খেলাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে খেলা পরিচালনা কমিটির সদস্য উসমানসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রোববার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে গত শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চাপরতলা ইউনিয়নের সালাম বাজার মাঠে খেলা শেষে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাসিরনগরের ধরমন্ডল ও মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের দুটি দলের মধ্যে একটি প্রীতি হাডুডু খেলা অনুষ্ঠিত হয়। খেলার শেষ পর্যায়ে ধরমন্ডল দল ৩-০ পয়েন্টে শিমুলঘর দলকে পরাজিত করে। পরাজয়ের পর শিমুলঘর দলের কয়েকজন খেলোয়াড় বিজয়ী দলের দুই খেলোয়াড়কে ঘিরে ধরে আটকানোর চেষ্টা করেন। এ সময় উভয় পক্ষের খেলোয়াড়দের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হলে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। পরে দুই দলের সমর্থকরাও এতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে মাঠজুড়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। সংঘর্ষে খেলা পরিচালনা কমিটির সদস্য উসমানসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ৪ থেকে ৫ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে এবং তাদের বেশিরভাগের মাথায় আঘাত রয়েছে। ঘটনার পর উভয় দলের খেলোয়াড়রা এলাকা ছেড়ে চলে যান।
ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares