নাসিরনগরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের বাঘি গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনো তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গ্রামের মাঠে কাজ করার সময় এক কৃষক ডোবার পানিতে মরদেহটি ভাসতে দেখেন। পরে তিনি আশপাশের লোকজনকে বিষয়টি জানালে স্থানীয়দের মাধ্যমে খবর দেওয়া হয় নাসিরনগর থানায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটি পচনশীল অবস্থায় ছিল। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।
নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) জাহান ই আলম বলেন, মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় বাঘি গ্রামসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
« ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের ৩৪ কিমিতে ৯ মাসে ৭৬ প্রাণহানি (Previous News)



















