Main Menu

কসবায় ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতদের সংবাদ সম্মেলন, রেল-সড়ক অবরোধের হুঁশিয়ারি

[Web-Dorado_Zoom]
রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সদ্য ঘোষিত উপজেলা ও পৌর ছাত্রদলের আংশিক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। কমিটি প্রত্যাহার না করা হলে রেলপথ ও সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে কসবা পৌর শহরের ফুড প্যালেস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন। তিনি অভিযোগ করেন, অর্থের বিনিময়ে এবং কেন্দ্রীয় নেতাদের অবগত না করেই সদ্য ঘোষিত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে স্থান পাওয়া অনেকের অতীতে ছাত্রলীগের বিভিন্ন মিছিল-মিটিংয়ে অংশগ্রহণের তথ্যপ্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের ছবি, ভিডিও ও অন্যান্য তথ্যপ্রমাণ সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।
সাদ্দাম হোসেন বলেন, এ কমিটি বহাল থাকলে দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হবেন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম দুর্বল হয়ে পড়বে। তাই অবিলম্বে কমিটি প্রত্যাহার করে মামলা, নির্যাতন ও কারাবরণের শিকার নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে নতুন কমিটি গঠনের দাবি জানান তিনি।
সদ্য ঘোষিত পৌর ছাত্রদলের সভাপতি এনামুল হক আপেল ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের বিষয়ে আপত্তি তুলে সাদ্দাম বলেন, তাঁদের রাজনৈতিক ভূমিকা, বয়স ও ছাত্রত্ব নিয়ে প্রশ্ন রয়েছে। জুয়েল আহমেদের বিরুদ্ধে অতীতে ছাত্রলীগের কর্মসূচিতে অংশগ্রহণ এবং টি আলী ডিগ্রি কলেজে ছাত্রলীগের পদপ্রার্থী হওয়ার অভিযোগও করেন তিনি। এসব দাবির সমর্থনে বিভিন্ন ছবি, ভিডিও ও মনোনয়ন ফরম সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
এ ছাড়া কমিটিতে স্থান পাওয়া পৌর ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে মাদক ব্যবসায় সম্পৃক্ততার অভিযোগ করেন সাদ্দাম। ওই নেতার একটি কল রেকর্ড তাঁর কাছে রয়েছে উল্লেখ করে তিনি দাবি করেন, সেখানে ওই ব্যক্তি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন বলে স্বীকার করেছেন। তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কসবা পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সহিদুল খা, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরিফুল ইসলাম জুয়েল, সাবেক যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ ও বাবুল আহমেদ, কসবা টি আলী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আরেফিন, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মহসিন আলম এবং চারগাছ এনআই ভূঁইয়া কলেজের সাবেক সভাপতি শাহজালালসহ পদবঞ্চিত নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ১ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল কসবা উপজেলা ও পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা করে। উপজেলা ছাত্রদলের কমিটিতে সিরাজুল হক ইমুকে সভাপতি, শিমুল মিয়াকে সাধারণ সম্পাদক এবং সাদ্দাম খন্দকারকে সাংগঠনিক সম্পাদক করা হয়। অন্যদিকে পৌর ছাত্রদলের কমিটিতে এনামুল হক আপেলকে সভাপতি, জুয়েল আহমেদকে সাধারণ সম্পাদক এবং জান্নাতুল বাকী হৃদয়কে সাংগঠনিক সম্পাদক করা হয়।
কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত নেতাকর্মীরা বিভিন্ন বিক্ষোভ ও আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন। এ নিয়ে গত ২ ও ৭ নভেম্বর বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সর্বশেষ ৮ নভেম্বর সংঘর্ষের ঘটনা তদন্তে জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের নির্দেশনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares