Main Menu

কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলামকে তুলে নেয়ায় ব্যবহৃত অটোচালকসহ গ্রেফতার ২

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দ্বীন ইসলাম(৩৫) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবদুল আওয়ালকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগী পরিবার।
নিহতের পিতা সফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, পরিবারের দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একজন ইজিবাইক (অটো) চালক। তাকে জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া গেছে। অপরজনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি। তবে তদন্তের স্বার্থে অভিযুক্তদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না বলে জানান ওসি।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের সফিকুল ইসলামের ছেলে কন্টেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম নামে এক যুবককে বাড়ি থেকে ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে পিটিয়ে গুরুতর আহত করে তারা। মারধরের একপর্যায়ে তাকে শিমরাইল গ্রামের পশ্চিম পাশে নদীর পাড়ে পাশ্ববর্তী কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙরা বাজার থানার সিদ্ধিরগঞ্জ এলাকায় ফেলে যায়।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
নিহত দ্বীন ইসলাম কন্টেন্ট ক্রিয়েটর হলেও নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন। কসবা থানায় নিহত দ্বীন ইসলামের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে ১০টি মামলা রয়েছে জানিয়েছে পুলিশ।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares