অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইজারা ছাড়া অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নদীতীরবর্তী তিন গ্রামের বাসিন্দারা।
শনিবার (৮ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মহাসড়কে বাহাদুরপুর এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এতে গুরুত্বপূর্ণ মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট হয়।
খবর পেয়ে সংরক্ষিত নারী সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেনসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন। তারা অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে প্রায় আড়াই ঘণ্টা পর বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। এ সময় সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন ৪৮ ঘণ্টার মধ্যে অবৈধ বালু উত্তোলন বন্ধের আশ্বাস দেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল সরকারিভাবে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মেন্দিপুরে বালু উত্তোলনের ইজারা নিলেও স্থান পরিবর্তন করে আশুগঞ্জের মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছে। ইজারাদাররা প্রতিদিন অর্ধশত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় কৃষিজমি, তাপবিদ্যুৎ কেন্দ্র, জাতীয় বিদ্যুৎ সঞ্চালন টাওয়ার, নদীতীরবর্তী বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে। বালু উত্তোলন বন্ধে বিভিন্ন সময় প্রতিবাদ জানালেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তারা।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ আশ্বাস দেওয়ার পর বিক্ষুব্ধরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরো বলেন, সম্প্রতি অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছিল। তবে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় তাদের আইনের আওতায় আনা সম্ভব হয়নি। এ সময় একটি ভলগেটকে সংশ্লিষ্টদের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
« কসবায় খাটের নিচে গর্তে লুকানো ছিল ২৬৪ কেজি গাঁজা, উদ্ধার করল র্যাব (Previous News)
(Next News) বিজয়নগরে ডিম বিক্রি করতে গিয়ে ফেরিওলার আকস্মিক মৃত্যু »



















