আখাউড়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত:: দেড় ঘণ্টা বন্ধ থাকার পর রেল যোগাযোগ স্বাভাবিক
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে পুনরায় ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
আখাউড়া রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী কাজী মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনের বগিগুলোকে রেললাইন থেকে অন্যত্র সরিয়ে নিলে দুপুর সোয়া ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বেলা পৌনে ১১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের তিনটি বগি আখাউড়া রেলওয়ে জংশনে বিকট শব্দে লাইনচ্যুত হয়। এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রন চলাচল সাময়কিভাবে বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া লোকোসেড থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে উদ্ধার করে।



















