Main Menu

স্ত্রীকে ঘরে তোলার আগেই মৃত্যু, ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

[Web-Dorado_Zoom]
বিয়ের মাত্র দেড় মাস পর নববধূকে ঘরে তোলার স্বপ্ন ছিল ২৩ বছর বয়সী রাজমিস্ত্রি হাসানুর রহমানের। নির্মাণকাজ শেষে নিজ বাড়ি কুড়িগ্রামে ফিরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করারও প্রস্তুতি চলছিল। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসানুর রহমান কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার কুটি বাঘডাঙ্গা এলাকার দধির গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দামচাইল গ্রামের পল্লী চিকিৎসক সজিব চন্দ্র বিশ্বাসের নির্মাণাধীন একতলা ভবনের দেয়ালে পলেস্তারের কাজ করছিলেন হাসানুর। কাজ করার সময় অসাবধানতাবশত ভবনের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে তাঁর হাতে থাকা নির্মাণযন্ত্রের সংস্পর্শ ঘটে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসানুরের চাচা মাসুদ রানা জানান, প্রায় দেড় মাস আগে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় একটি নির্মাণশ্রমিক দলের সঙ্গে কাজ করছিলেন। বিয়ের পরও স্ত্রীকে নিজের বাড়িতে তোলা হয়নি। কাজ শেষে বাড়ি ফিরে নববধূকে ঘরে তোলা এবং বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা ছিল। কিন্তু দুর্ঘটনায় সব পরিকল্পনা থেমে গেল।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares