সৌদিতে শিরচ্ছেদ হওয়া নজরুলের বাড়িতে সিরাজুল ইসলাম, মরদেহ ফেরাতে সহযোগিতার আশ্বাস
[Web-Dorado_Zoom]
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্রাহ্মণবাড়িয়ার নজরুল ইসলাম আবদুল বশিরের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে নজরুল ইসলামের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় পরিবারের খোঁজখবর নেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান।
সিরাজুল ইসলাম বলেন, জীবিকার তাগিদে বিদেশে যাওয়া একজন বাংলাদেশির এমন পরিণতি অত্যন্ত বেদনাদায়ক। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারকে একা ফেলে রাখা যাবে না। তাঁদের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহযোগিতা করা মানবিক দায়িত্ব।
তিনি আরও বলেন, নজরুল ইসলামের মরদেহ দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রেও সহযোগিতা অব্যাহত থাকবে।
জেলা পরিষদের প্রশাসক আরও জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের পক্ষ থেকে পরিবারটিকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হবে। বিশেষ করে মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হবে।
উল্লেখ্য, নজরুল ইসলাম আবদুল বশির ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের বাসিন্দা। জীবিকার সন্ধানে তিনি সৌদি আরবে গিয়েছিলেন। সেখানে তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের খবর দেশে পৌঁছানোর পর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
বর্তমানে নজরুল ইসলামের মরদেহ দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর এবং শোকসন্তপ্ত স্বজনদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করাই পরিবারের প্রধান প্রত্যাশা।
« কসবায় ১০ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তিন দিন পর মামলা (Previous News)
(Next News) ব্রাহ্মণবাড়িয়ায় নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন »



















