সরাইলে সংঘর্ষের পর পুলিশের সাঁড়াশি অভিযান, বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি ও ধরন্তী গ্রামের মধ্যে টানা তিন দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। শনিবার সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এবং সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল কাদের ভূঁইয়ার নেতৃত্বে কালিকচ্ছ ও সূর্যকান্দি এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ টেঁটা, বল্লমসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কালিকচ্ছ বাজারে পাওনা টাকার বিরোধ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে লাঠিসোঁটা, রামদা ও বল্লম নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়। তিন দিনব্যাপী এ সংঘর্ষে বল্লমের আঘাতে ধরন্তী গ্রামের মো. খাদিম (৪৮) নিহত হন।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। কালিকচ্ছ বাজারের বিভিন্ন দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। খাদিম হত্যা মামলায় ৪২ জনকে আসামি করে সরাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ইতোমধ্যে তিনজনকে আটক করেছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল কাদের ভূঁইয়া বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নতুন করে সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। দেশীয় অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
« কালিকচ্ছ বাজারে সংঘর্ষের প্রভাব: লুটপাটে ক্ষতির মুখে ব্যবসায়ীরা, সুষ্ঠু তদন্তের দাবি (Previous News)



















