Main Menu

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন

[Web-Dorado_Zoom]
‘দাসত্বের মার্কিন বাণিজ্য চুক্তি’ বাতিল, শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস ও দখলদারিত্ব বন্ধ, কোচিং ব্যবসা বন্ধ এবং শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের আহ্বায়ক ওমর ফারুকের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুনিয়া মাহিন, উদীচী শিল্পীগোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়ার সদস্য এ.এস.এম. সিয়াম, আবদুল্লাহ আল নোমান মুন্সী, শিহাব হাসান জাকু, আযহারুল ইসলাম ইমন এবং নারী ও শিশু অধিকার সংগঠন সুরক্ষার সংগঠক জেরিন শবনম লোপা।
মানববন্ধনে বক্তারা আন্তর্জাতিক বাণিজ্য ও জাতীয় স্বার্থের প্রসঙ্গ তুলে কথিত ‘মার্কিন দাসত্বের বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবি জানান। তাদের অভিযোগ, দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের সঙ্গে সাংঘর্ষিক কোনো বাণিজ্যিক চুক্তি জনগণের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ ধরনের চুক্তি পর্যালোচনার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস ও দখলদারিত্বের কারণে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। অন্যদিকে কোচিংনির্ভর শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ ও অর্থনৈতিক বোঝা তৈরি করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে শিক্ষা ব্যবস্থায় কার্যকর সংস্কার প্রয়োজন।
শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে বক্তারা চার দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
মানববন্ধন থেকে উত্থাপিত চার দফা দাবি হলো—
১. শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস ও দখলদারিত্ব বন্ধ করা;
২. কোচিং ব্যবসা বন্ধ করা;
৩. শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানো;
৪. ‘দাসত্বের মার্কিন বাণিজ্য চুক্তি’ বাতিল করা।
মানববন্ধনে ছাত্র ইউনিয়নের নেতা-কর্মী ছাড়াও সচেতন নাগরিক ও শিক্ষার্থীরা অংশ নেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares