Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় সালিশের জরিমানা নিয়ে দুপক্ষের সংঘর্ষ

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় সালিশে ধার্য করা জরিমানার টাকা না দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (১৪ এপ্রিল) সকালে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের খাল পাড় ও পীরবাড়ি এলাকার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত ২০ রমজান লুডু খেলা নিয়ে বিরামপুর বাজারে ওই গ্রামের পীরবাড়ি এলাকার জুয়েলের সঙ্গে খালপাড় এলাকার হাদিস মিয়ার ঝগড়া হয়। এতে জুয়েল আহত হন। পরে বিষয়টি স্থানীয় ব্যক্তিরা সালিশের মাধ্যমে সমাধান করেন। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী গত ১০ এপ্রিল হাদিস মিয়া জরিমানার এক লাখ ২০ হাজার টাকা জুয়েলকে দেওয়ার কথা। তবে তা না দেওয়ায় রোববার রাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ নিয়ে সোমবার সকালে পীরবাড়ি এলাকার পক্ষে হুমায়ুনের নেতৃত্বে এবং খালপাড়ের পক্ষের আনিছ মেম্বার ও সাচ্ছু মিয়ার নেতৃত্বে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং বৃষ্টির মতো ইটপাটকেল ছোড়া হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত ও বেশ কয়েকটি বাড়িঘর-দোকানপাটে ভাঙচুর চালানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares