ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় মেলেনি
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় ও ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে আখাউড়া রেলওয়ে থানাধীন ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকার ২১৪/৮-৯ কিলোমিটার পয়েন্টে অজ্ঞাত একটি ট্রেনের নিচে কাটা পড়েন ওই ব্যক্তি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্টেশনমাস্টারের মাধ্যমে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীর থেকে মাথা আলাদাসহ গুরুতর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত ও কাটা জখমের চিহ্ন রয়েছে।
পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পরিচয় শনাক্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তাঁর ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের জন্য বলা হয়েছে। বর্তমানে মরদেহটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
রেলওয়ে পুলিশের ধারণা, নিহত ব্যক্তি আখাউড়ার খড়মপুর কেল্লা শাহ মাজারের বার্ষিক ওরশে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন। বর্তমানে ওই মাজারে বার্ষিক ওরশ চলমান রয়েছে। নিহতের পরিচয় শনাক্তে রেলওয়ে থানা পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ ও প্রচার চালিয়ে যাচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মো. শাহ আলম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে পিবিআই কাজ করছে। এখন পর্যন্ত তাঁর নাম-পরিচয় বা ঠিকানা পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো স্বজনের সন্ধান না পাওয়া গেলে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-কে অবহিত করা হবে।
« আখাউড়ায় কল্লা শহীদের মাজারে জুমার নামাজে মুসল্লিদের ঢল (Previous News)



















