ব্রাহ্মণবাড়িয়ায় উপকূল-গোধূলি ট্রেনে একসাথে পাথর নিক্ষেপ, যাত্রী রক্তাক্ত

ফাইল ছবি
পূর্বাঞ্চল রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে মাসুদ রানা (২৫) নামে এক যাত্রী আহত হয়েছেন।
এ সময় পাথরের আঘাতে তার ডান হাত রক্তাক্ত জখম হয়। তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
অপরদিকে আন্তঃনগর মহানগর গোধূলি এক্সপ্রেস চলন্ত ট্রেনেও পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ট্রেনের জানালার গ্লাস ভেঙে যাত্রীদের শরীরে ছিটকে পড়েছে।
সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া রেলপথের ভাতশালা রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মাসুদ রানা উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ভান্ডসার গ্রামের মিলন মিয়ার ছেলে।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি শেষে আখাউড়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্য ছেড়ে আসে। সন্ধ্যা সোয়া ৬টার দিকে আখাউড়া স্টেশনে প্রবেশের আগে ভাতশালা রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করে একদল দুর্বৃত্ত। এ সময় দরজার পাশে থাকা যাত্রী মাসুদ রানার ডান হাতে লেগে তিনি রক্তাক্ত জখম হন। মুহূর্তে মধ্যেই রক্তাক্ত অবস্থায় ট্রেনের ভেতরে লুটিয়ে পড়েন।
পরে যাত্রীদের সহযোগিতায় তাকে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত যাত্রী মাসুদ রানা জানান, তিনি কাজ শেষে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে বাড়ির উদ্দেশ্য আখাউড়ায় আসার পথে এ ঘটনা ঘটে। চলন্ত ট্রেনে এ ধরনের রক্তাক্ত জখম হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ট্রেন যাত্রীরা। তারা প্রশ্ন করেন এর দায় কে নেবে?
এদিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনে একই সময়ে পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে উদ্দেশ্য ছেড়ে আসার পথে সন্ধ্যা ৬টার দিকে গঙ্গাসাগর আউটার রেলওয়ে স্টেশন এলাকায় পাথর নিক্ষেপ করে। এ সময় কেউ হতাহত না হলেও ট্রেনের জানালার গ্লাস ভেঙে যাত্রীদের শরীরে ছিটকে পড়ে। এতে ট্রেন যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ট্রেনে থাকা প্রত্যক্ষদর্শী যাত্রী জসিম উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনটি গঙ্গাসাগর স্টেশনের আউটার অতিক্রম করার সময় হঠাৎ করে ট্রেনের (ট-বগিতে) কামরায় পাথর নিক্ষেপ করে কয়েকজন বখাটে। এ সময় ট-বগির একটি জানালার গ্লাস ভেঙে যাত্রীদের শরীরে ছিটকে পড়ে।
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন সুপারিন্টেনডেন্ট মো. নূর নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। তবে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে আমাদের জনসচেতনতা দরকার।
আখাউড়া রেলওয়ে থানার ওসি এসএম সফিকুল ইসলাম জানান, এ বিষয়ের কোনো তথ্য নেই। পুলিশকে কেউ এ বিষয়ে অবগত করেননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।



















