প্রবাসীর উপর হামলার প্রতিবাদে বিজয়নগরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জিয়াদুল হক বাবু : বিজয়নগরে প্রবাসী কামাল মিয়ার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চান্দুরা–আখাউড়া সড়কের আমতলী বাজার এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
সরকারি রাস্তা দখল করে অবৈধভাবে বাউন্ডারি নির্মাণের প্রতিবাদ করায় প্রবাসী কামাল মিয়ার ওপর হামলার অভিযোগে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে থানার সামনে গিয়ে শেষ হয়। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আহতের ছোট ভাই নজরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মুখলেছুর রহমান লিটন, লাল মিয়া সর্দার, তাতী দলের সভাপতি জহিরুল ইসলাম, বিএনপি নেতা ছায়েদুর রহমান, জামায়াতের সভাপতি ফরিদ আহমেদ খান, আলেব খা, ইসলাম মিয়া, মিজানুর রহমান, অহিদ মিয়া, সাংবাদিক জহিরুল ইসলাম ও কামরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, মিরপুর গ্রামের সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণের প্রতিবাদ করে গ্রামবাসীর পক্ষে এসিল্যান্ড বরাবর অভিযোগ দেওয়াকে কেন্দ্র করে গত ২৮ অক্টোবর রাতে প্রবাসী কামাল মিয়ার ওপর সুলতানের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। তারা কামাল মিয়াকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হলে তিনি বর্তমানে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন।
বক্তারা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার না করা হলে রাস্তা বন্ধ করে কঠোর আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
এসময় বিজয়নগর থানার ওসি মো. শহিদুল হক উপস্থিত থেকে আশ্বাস দেন, “আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



















