নাসিরনগরে কোকো স্মৃতি ফুটবলের ফাইনাল উদ্বোধন, আধুনিক স্টেডিয়ামের ঘোষণা
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
উদ্বোধনী বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আজকের এই উপচে পড়া ভিড়ই প্রমাণ করে খেলাধুলার প্রতি মানুষের ভালোবাসা কতটা গভীর। আমাদের সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। খেলাধুলার প্রসারের মাধ্যমে আমরা রাষ্ট্রের গুণগত ও ইতিবাচক পরিবর্তন আনতে চাই।’
নাসিরনগরের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, নাসিরনগরে একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ করা হবে। এছাড়া আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ সম্মতি দিলে মাঠের চারপাশে উন্নত গ্যালারি নির্মাণ করে দেওয়া হবে, যাতে দর্শকরা স্বাচ্ছন্দ্যে খেলা উপভোগ করতে পারেন।
যুব সমাজের কর্মসংস্থান ও সার্বিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। যুবদের কর্মসংস্থান সৃষ্টির কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। জনগণের কল্যাণ ও সর্বাত্মক উন্নয়নই আমাদের মূল লক্ষ্য এবং দেশের প্রতিটি সেক্টরে এই উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া হবে।’
এর আগে একই দিন দুপুরে নাসিরনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।
উভয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন এমপি এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ।
এছাড়া স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
« আওয়ামী দোসরদের সাথে এক হয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরী করছে জামায়াত … নাসিরনগরে ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী (Previous News)



















