নবীনগরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর গ্রাম থেকে নাহিদা আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামীসহ তিনজনের নাম উল্লেখ করে নিহতের মা মিনুয়ারা বেগম বাদী হয়ে রবিবার (৩০ মার্চ) নবীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
স্থানীয়রা জানান, পাঁচ বছর আগে নবীনগর উপজেলার লাউর ফতেপুর গ্রামের শিশু মিয়ার ছেলে তানভীর আহমেদের সঙ্গে পার্শ্ববর্তী কুমিল্লার মুরাদনগর উপজেলার গাঙ্গেরকোট গ্রামের খলিল মিয়ার মেয়ে নাহিদা আক্তারের বিয়ে হয়। বর্তমানে এ দম্পতির ৪ বছর বয়সী এক ছেলেসন্তান রয়েছে। বিয়ের বছরখানেক পর থেকেই নাহিদাকে তার স্বামী ও স্বামীর বাড়ির লোকজন প্রতিনিয়তই শারীরিকভাবে নির্যাতন করত। এ অবস্থায় স্বামী তানভীর বছর চারেক আগে প্রবাসে চলে যান। সম্প্রতি তিনি পুনরায় দেশে ফিরে এলে, আবারও সংসারে ঝগড়া-বিবাদ বাড়তে থাকে। মৃত্যুর আগেও নাহিদাকে তিনি মারধর করেছেন বলে অভিযোগ জানান তারা।
পুলিশ জানায়, ঘটনার দিন শনিবার (২৯ মার্চ) রাতে গৃহবধূ নাহিদার মরদেহ ঘরের ভেতরে রশিতে ঝুলে থাকতে দেখে গ্রামের লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এদিকে, ওই গৃহবধূর মৃত্যু নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। স্বামীর বাড়ির লোকজন এটিকে আত্মহত্যা বলে প্রচার করলেও, নিহতের বাবার বাড়ির লোকজন নির্যাতনের পর ওই গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন।
নবীনগর থানার ওসি (তদন্ত) রাজীব কান্তি নাথ বলেন, ‘এটি হত্যা নাকি আত্মহত্যা, সেটি ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই পরিষ্কার হয়ে যাবে। তবে মৃতের মা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে নবীনগর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলা করেছেন। স্বামী পলাতক রয়েছেন। মামলাটি তদন্তাধীন।



















