তিতাস কমিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে ভবঘুরে কিশোরীর হাত–পা ছিন্নভিন্ন
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ট্রেনের ছাদ থেকে পড়ে এক ভবঘুরে কিশোরী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় কিশোরীকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেছে রেলওয়ে পুলিশ।
আহত কিশোরীর নাম সুমাইয়া আক্তার। তার বাবা আক্কেল আলী এবং মা নুরজাহান হলেও তাদের ঠিকানা অজ্ঞাত। সুমাইয়া ভৈরব রেলস্টেশনে দীর্ঘদিন ধরে ভাসমান অবস্থায় বসবাস করছিল বলে জানিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানান, দুপুরে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেন ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে প্রবেশের সময় সুমাইয়া ট্রেনের ছাদে উঠে লাফালাফি করছিল। এক পর্যায়ে পা পিছলে নিচে পড়ে গেলে তার হাত ও পা মারাত্মকভাবে ছিন্নভিন্ন হয়।
তিনি আরও বলেন, “ঘটনার পরপরই আমরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে ভর্তি করি। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন আছে।”




















