Main Menu

ডাকসু নির্বাচন নিয়ে ফেসবুকে পোস্ট, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি প্রত্যাহার

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফফর হোসেনকে তার কর্মস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে ডাকসু নির্বাচন নিয়ে দেওয়া এক পোস্টের পর তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

আজ বুধবার জেলার পুলিশ সুপার এহতেশামুল হক স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়।

নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় বদলি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান। তিনি বলেন, মোজাফফরকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) হওয়া ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ‘মেধাবীদের জন্য শুভ কামনা। শুভ কামনা রইল ২১, ১৭, ০৮।’ লিখে ওসির আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়।

এ ঘটনার পরপর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মোজাফফর। তিনি দাবি করেন, তাঁর ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি কে বা কারা উদ্দেশ্যে প্রণোদিতভাবে হ্যাক করে একটি রাজনৈতিক পোস্ট করেছে।

ফেসবুকে মোজাফফরের আইডিতে ‘শুভকামনা রইল ২১, ১৭, ০৮’ লেখা একটি ফটোকার্ড পোস্ট করা হয়। সেটার ক্যাপশনে লেখা, ‘মেধাবীদের জন্য শুভকামনা রইল।’ এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

প্রসঙ্গত, ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ২১ নম্বর ব্যালটে ভিপি প্রার্থী ছিলেন আবিদুল ইসলাম (আবিদ), ১৭ নম্বর ব্যালটে জিএস প্রার্থী ছিলেন তানভির বারী (হামিম) এবং একই প্যানেলে ৮ নম্বর ব্যালটে তানভির আল হাদী (মায়েদ) এজিএস প্রার্থী ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares