জুলাই অভ্যুত্থানে হাজারো মানুষ জীবন দিয়েছে পাথর মেরে মানুষ খুনের জন্য নয় -ইসলামী যুব আন্দোলন

পাথর মেরে বর্বরোচিত হত্যা ও চাঁদাবাজির বিরুদ্ধে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজনে শনিবার বাদ আছর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে মিছিলটি শুরু করে কুমারশীল মোড় হয়ে প্রেস ক্লাব চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে খুন, ধর্ষণ ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান শহরকে প্রকম্পিত করে।
মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করীম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি হাফেজ মাওলানা শাহ্ মোহাম্মদুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন হোসাইনীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আইএবির জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বিলাল, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা ইউনুছ আহমদ ছাতিয়ানী, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক মহব্বত আল এহসান, যুব আন্দোলনের কসবা উপজেলা সভাপতি ওয়ায়েছ আবেদীন জালালী, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন ইয়াকুবী, সরাইল দক্ষিণের সভাপতি রাসেল মিয়া, উত্তরের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রশিদ, নবীনগর পৌর সভাপতি সোহাইল আহমদ প্রমুখ।
সমাবেশে বক্তাগণ বলেছেন, জুলাই অভ্যুত্থানে হাজারো মানুষ জীবন দিয়েছে পাথর মেরে মানুষ খুনের দৃশ্য দেখার জন্য নয়। স্বৈরাচারী খুনীদের পতন ঘটিয়েছে নব্য খুনী ও চাঁদাবাজদের ক্ষমতায় আনার জন্য নয়।
বক্তাগণ সরাইলের শিশু ময়না হত্যাকান্ডের প্রকৃত রহস্য দ্রুত উদ্ঘাটন ও নিরীহদের হয়রানী না করার আহবান জানান। সমাবেশে আগামী ১ আগস্ট সর্বস্তরের জনশক্তি নিয়ে সদস্য প্রশিক্ষণ কর্মশালা ও প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি সফল করার আহবান জানানো হয়। সমাবেশ শেষে মুনাজাতে জামিয়া ইউনুছিয়ার মুহাদ্দিস মুফতি আব্দুল্লাহ কাসেমী রহ. -এর মাগফিরাত কামনা করা হয়।



















