Main Menu

কসবায় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জামায়াত ইসলামের প্রার্থী আতাউর রহমান সরকার

[Web-Dorado_Zoom]

রুবেল আহমেদ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, ঢাকা মহানগর উত্তর জামায়াতের মিডিয়া ও প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলামের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, যুব ও আইন বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, কসবা উপজেলা জামায়াত ইসলামের আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, নায়েবে আমীর শিবলী নোমানী, কসবা পৌরসভা জামায়াতের আমীর হারুন অর রশীদ।

এসময় উপজেলা জামায়াত ইসলামের যুব বিভাগের সেক্রেটারি শরীফ আহমেদ, উপজেলা ছাত্রশিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফসহ দলীয় নেতাকর্মীরা উপজেলা প্রশাসনিক ভবনের সামনে উপস্থিত ছিলেন ।
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে উপজেলায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে ।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আতাউর রহমান সরকার কসবা-আখাউড়াবাসীকে আন্তরিক সালাম ও অভিনন্দন জানান। তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত কসবা-আখাউড়া গড়ে তোলা এবং সীমান্তবর্তী এই জনপদের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দলের মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছি। তাই আজ দলীয় নেতৃবৃন্দকে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করলাম।

তিনি বলেন, তফসিল ঘোষণার পর থেকে প্রতিনিয়ত এই আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। অন্যান্য রাজনৈতিক দলের অনেক নির্বাচনী অফিস এখনো কার্যক্রম চালু রেখেছে, যা স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। এছাড়াও সরকারী জায়গায় বানানো হয়েছে দলীয় নির্বাচনী কার্যালয়। এ বিষয়ে তিনি একজন প্রার্থী হিসেবে উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের সুদৃষ্টি কামনা করেন ।
তিনি আরও বলেন, বিগত সময়গুলোতে এই আসনে যারা জনপ্রতিনিধি হয়েছিলেন তারা জনগণের প্রত্যাশিত অনেক কাজ সম্পন্ন করতে পারেননি। আমরা সেই অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করতে চাই। কসবা-আখাউড়ার স্বাস্থ্য ও শিক্ষাখাতসহ সকল খাতে পরিবর্তনের লক্ষ্যে কাজ করতে চাই। আমরা একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন এবং সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর কসবা-আখাউড়া গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি ।

দলীয় নেতাকর্মীগণ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনই তাদের লক্ষ্য। এই নির্বাচনে জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে এমনটাই প্রত্যাশা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares