কসবায় বড়ভাইয়ের ঘুষিতে ছোটভাই নিহতের অভিযোগ, আটক বড়ভাই
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারিবারিক কলহ ও পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বড়ভাইয়ের ঘুষিতে আবু তাহের মিয়া (৬১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বড়ভাই বজলু মিয়া (৭৫)-কে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার পশ্চিম ইউনিয়নের আকসিনা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের মিয়া ওই গ্রামের মৃত রোসমত আলীর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পৈতৃক সম্পত্তি ও বাড়ির একটি জায়গা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার বিকেলে বাড়ির উঠানে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় বজলু মিয়া তাঁর ছোটভাই আবু তাহের মিয়ার বাম কানের ওপর ঘুষি মারেন বলে অভিযোগ করা হয়।
ঘুষির পর আবু তাহের মিয়া অচেতন হয়ে পড়েন। পরে তাঁর স্ত্রী ও ছেলে তাঁকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে নিহতের বড়ভাই বজলু মিয়াকে আটক করা হয়।
নিহতের স্ত্রী শাহানা বেগম অভিযোগ করে বলেন, পৈতৃক সম্পত্তি ও বাড়ির জায়গা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বজলু মিয়া তাঁর স্বামীকে ঘুষি মারেন। এতে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় স্বামী হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন শাহানা বেগম।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের বড়ভাইকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’



















