কসবায় আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
[Web-Dorado_Zoom]
রুবেল আহমদে : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহ্যবাহী আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি ও আড়াইবাড়ী দরবার শরীফের গদিনশীন পীর মোহাম্মদ গোলাম খাবির সাঈদী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ড. সফিকুল ইসলাম, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক শেখ কামাল উদ্দিন, কসবা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল খায়ের স্বপন, ইসলামী ব্যাংক কসবা শাখার ব্যবস্থাপক মো. আব্দুল্লাহিল বাকী ও সাবেক পৌর কাউন্সিলর আবু সাঈদ।
সমাবেশে আলোচক হিসেবে বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার প্রভাষক মো. আশরাফুল ইসলাম।
বক্তারা বলেন, সন্তানদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই হবে না; তাদের সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারিবারিক শিক্ষার ওপরও গুরুত্ব দিতে হবে। সন্তান দিনের বড় একটি সময় শিক্ষাপ্রতিষ্ঠানে কাটালেও তার চরিত্র, আচার-আচরণ, মূল্যবোধ ও নৈতিকতার ভিত্তি পরিবার থেকেই গড়ে ওঠে।
অভিভাবকদের সন্তানদের পড়াশোনার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী ধরনের পরিবেশের সঙ্গে পরিচিত হচ্ছে—এসব বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়।
বক্তারা আরও বলেন, ছোটবেলা থেকেই সন্তানদের সত্যবাদিতা, শিষ্টাচার, দায়িত্ববোধ এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবার একসঙ্গে কাজ করলেই একজন শিক্ষার্থীকে আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।
সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, পারিবারিক মূল্যবোধ ও সুন্দর ভবিষ্যৎ গঠনসহ শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
« ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ১৭ পরিবার পেল ৭৭ লাখ টাকা, নিহত ৫ লাখ-আহত ৩ লাখ (Previous News)
(Next News) আখাউড়ায় হকারমুক্ত ফুটপাত, কমছে যানজট »



















