আশুগঞ্জে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে গেছে। এতে নগদ টাকা, আসবাবপত্রসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার চরচারতলা মধ্যপাড়া এলাকার মোতালেব হাজির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আগুনে দুটি বসতঘর ও ঘরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য জুমেল মিয়া ও তার ভাই মোজাম্মেল জানান, আগুনে বসতঘরে থাকা নগদ অর্থ, মূল্যবান আসবাবপত্রসহ প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তারা নিশ্চিত নন। তবে এলাকায় মাদকাসক্ত কিছু বখাটে যুবকের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তাদের ধারণা।
আশুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াসিস আজাদ জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
« শিশু মাহিদা ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন (Previous News)
(Next News) সরাইলে লাঠির ঝনঝন শব্দে ফিরল গ্রামবাংলার হারানো ঐতিহ্য »



















