সরাইল থানা কান্ডে রুমিন ফারহানাকে ‘আওয়ামী বাংলাদেশ শাখার সভানেত্রী’ বললেন রাশেদ খাঁন
[Web-Dorado_Zoom]
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, বিএনপির মনোনয়ন না পাওয়ার পর থেকে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভাষায় কথা বলছেন। এ কারণে তাঁকে ‘আওয়ামী বাংলাদেশ শাখার সভানেত্রী’ বলেও কটাক্ষ করেন তিনি।
শুক্রবার (২৩ অক্টোবর) ঝিনাইদহ শহরের জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খাঁন।
তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে রুমিন ফারহানা বিএনপির পক্ষে এবং আওয়ামী লীগ, জামায়াত ও এনসিপির বিরুদ্ধে জোরালো বক্তব্য দিতেন। কিন্তু বিএনপির মনোনয়ন না পাওয়ার পর থেকে দলটির বিরুদ্ধে ধারাবাহিকভাবে কথা বলছেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছেন বলেও দাবি করেন রাশেদ খাঁন।
রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, একজন পুলিশ কর্মকর্তাকে ‘আওয়ামী লীগের চোর’ বলার মাধ্যমে তিনি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে ব্যবহার করছেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর দাবি, রুমিন ফারহানা প্রয়োজন অনুযায়ী আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেন, আবার প্রয়োজন শেষ হলে দলটির সমালোচনা করেন।
রাশেদ খাঁনের অভিযোগ, রুমিন ফারহানা মৌসুমি রাজনীতি করছেন। বিএনপিতে ফিরে যাওয়ার সম্ভাবনা কম মনে করেই তিনি আওয়ামী লীগের দিকে ঝুঁকেছেন। শেখ হাসিনা ও আওয়ামী লীগ আবার বাংলাদেশে ফিরবে—এমন বিশ্বাসের কথাও রুমিন ফারহানা বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন বলে দাবি করেন তিনি।
এ ছাড়া আওয়ামী লীগের পক্ষে বক্তব্য তৈরির জন্য দিল্লিতে বসে শেখ হাসিনা ও তাঁর অনুসারীরা অর্থায়ন করছেন বলে অভিযোগ করেন রাশেদ খাঁন। এই অর্থ কারা পাচ্ছেন, তা খতিয়ে দেখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ। অঞ্চলটিকে অস্থিতিশীল করতে গুজব ও অপপ্রচার চালানো হচ্ছে। প্রতিবেশী দেশের সন্ত্রাসী গোষ্ঠীর পৃষ্ঠপোষকতায় কিছু বিচ্ছিন্ন গোষ্ঠী সেখানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী কাজ করছে। পাহাড়ের বাসিন্দারাও শান্তি ও স্থিতিশীলতা চান। সরকার কোনোভাবেই এ ধরনের বিশৃঙ্খলা সহ্য করবে না।
জামায়াতের অভিযোগের জবাবে রাশেদ খাঁন বলেন, ভারতের সঙ্গে আঁতাত করে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে বিএনপি—জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এমন অভিযোগের ভিত্তি নিয়ে প্রশ্ন রয়েছে। নির্বাচনের আগে ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জামায়াত নেতাদের গোপন বৈঠক হয়েছিল বলেও দাবি করেন তিনি।
রাশেদ খাঁনের আরও অভিযোগ, জামায়াত এখনও ভারতের সঙ্গে গোপন যোগাযোগ রাখছে এবং ডিসেম্বরে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে তৎপরতা চালাচ্ছে।
জামায়াতের খুলনা বিভাগীয় লংমার্চ কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, দলটি এর আগে রাজশাহী, চট্টগ্রাম ও রংপুর অভিমুখে লংমার্চ করেছে। তবে জামায়াত ও এনসিপির এসব কর্মসূচি জনগণের সমর্থন পায়নি বলে দাবি করেন রাশেদ খাঁন।
« এমপির ভাতিজা পরিচয়ে সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে যুবদল নেতার চাঁদা আদায়ের চেষ্টা (Previous News)



















