বিতর্কিত ওসি রাশেদ এবার কসবা থানায়
[Web-Dorado_Zoom]
নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত গাজীপুর মহানগর পুলিশের গাছা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। তার এ পদায়নকে কেন্দ্র করে স্থানীয় বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) তিনি কসবা থানার দায়িত্ব গ্রহণ করেন। একই আদেশে কসবা থানার বিদায়ী ওসি নাজনীন সুলতানাকে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।
গত বুধবার (১ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে কসবা থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।
জানা গেছে, কয়েকদিন আগে আলী মোহাম্মদ রাশেদ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশে যোগদান করেন। এর আগে গাজীপুর মহানগর পুলিশের গাছা থানায় কর্মরত অবস্থায় তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
অভিযোগ রয়েছে, মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত মামলার এক আসামিকে থানা থেকে ছেড়ে দেওয়া, মামলা বাণিজ্য, চাঁদাবাজি এবং ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন। এসব অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এছাড়া একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে তার বিরুদ্ধে উত্থাপিত কিছু অভিযোগের বিষয় উঠে এসেছে বলেও সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।
তবে এসব অভিযোগের বিষয়ে জেলা পুলিশের কাছে কোনো লিখিত তথ্য বা অভিযোগ নেই বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান।
তিনি বলেন, “তার বিরুদ্ধে জেলা পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ বা অভিযোগসংক্রান্ত তথ্য নেই। এটি পুলিশের নিয়মিত বদলি ও পদায়নের অংশ হিসেবেই করা হয়েছে।”
« বাঞ্ছারামপুরে স্বর্ণালংকার লুটের পর বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ (Previous News)



















