Main Menu

“বিএনপি ক্ষমতায়, আমি আদালত”নবীনগরে যুবদল নেতার দখল ও চাঁদাবাজির অডিও ফাঁস!

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ : নবীনগর উপজেলার বাঙ্গরা বাজারে আবারও দখলদারদের দৌরাত্ম্য শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কাউছার আহামেদ ও কিছু অসাধু প্রশাসনিক কর্মকর্তার মদদে কোটি টাকার অবৈধ বাণিজ্য চলছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, “দলের কেউ যদি অবৈধ দখল বা চাঁদাবাজির সঙ্গে যুক্ত থাকে, তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তবে দলের হাই কমান্ডের এই নির্দেশনা উপেক্ষা করে নবীনগরে দখল ও চাঁদাবাজির উৎসব চলছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারের জেলা পরিষদের একমাত্র যাত্রী ছাউনির জায়গা দখল করে তিনটি দোকান নির্মাণ করা হয়েছে এবং সেগুলো ১৫ হাজার টাকা মাসিক ভাড়া দেওয়া হয়েছে। এছাড়া বাজারের প্রতিটি দোকান থেকেই চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে আবু কাউছারের বিরুদ্ধে।

সম্প্রতি একটি অডিও কল ফাঁস হয়েছে, যেখানে চাঁদার জন্য সোহান নামে এক এনজিও কর্মীকে অশালীন ভাষায় গালাগালি করতে শোনা যায়। সেখানে কাউছার আহামেদ বলেন, “আমি নিজেই আদালত। ১৫ বছর আওয়ামী লীগ সরকার ছিল, তাই কিছু বলিনি। এখন বিএনপি ক্ষমতায়, আমি যা বলবো তাই হবে!”

এই বিষয়ে যুবদল নেতা আবু কাউছার আহামেদ বলেন,“আমার ভাই দোকানগুলো লিজ নিয়েছে। চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”

এদিকে, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন জানিয়েছেন, “বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী বলেন, “দখলের বিষয়ে অভিযোগ পেয়ে সম্প্রতি উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। কিন্তু আবারও অবৈধভাবে দোকান নির্মাণ করা হয়েছে। এমনকি জেলা পরিষদের যাত্রী ছাউনির মধ্যেও অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares