বাঞ্ছারামপুরে আগুনে সর্বস্ব হারাল দুই পরিবার, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দুটি বসতঘরসহ আসবাবপত্র ও ঘরের অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুই পরিবারের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার সোনারামপুর ইউনিয়নের দক্ষিণ পাড়ায় সৌদি প্রবাসী মো. আনোয়ার মিয়া ও রিকশাচালক তাইজুদ্দিন মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সিলিং ফ্যানের কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মুহূর্তের মধ্যে আগুন ঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দুটি বসতঘরের আসবাবপত্রসহ অধিকাংশ মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত তাইজুদ্দিন বলেন, আগুনে তাঁর ও ছোট ভাইয়ের ঘর, আসবাবপত্র এবং ঘরে থাকা খাবারের চাল পর্যন্ত পুড়ে গেছে। এতে তাঁরা কার্যত নিঃস্ব হয়ে পড়েছেন। সরকারি সহায়তা না পেলে পরিবার নিয়ে চলা কঠিন হয়ে পড়বে বলে জানান তিনি।
সোনারামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দুই পরিবারের ঘর পুড়ে গেছে। বর্তমানে পরিবার দুটির খাবারেরও সংকট রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হলে ক্ষতিগ্রস্ত পরিবার দুটি উপকৃত হবে।
বাঞ্ছারামপুর উপজেলা ফায়ার সার্ভিসের লিডার আব্দুল কাদের বলেন, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে দুটি ঘর ও ভেতরে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে।
« মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্টের অভিযোগ, আখাউড়ায় যুবক আটক (Previous News)



















