Main Menu

বাঞ্ছারামপুরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে মোবাইল কোর্ট, জরিমানা আদায়

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৫টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। একই সঙ্গে অবৈধ সংযোগে ব্যবহৃত প্রায় ৭০০ ফুট প্লাস্টিক পাইপলাইন উচ্ছেদ এবং ১৩ জনকে জরিমানা করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার রাধানগর, কৃষ্ণনগর ও বাঞ্ছারামপুরের মধ্যপাড়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান ভূঁইয়ার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
বিজিডিসিএল সূত্রে জানা যায়, জ্বালানি ও খনিজ সম্পদ আইন এবং সংশ্লিষ্ট বিধিমালা লঙ্ঘনের অভিযোগে পরিচালিত অভিযানে মোট ১৫টি (৩৭ ডিবি) নিয়মবহির্ভূত আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া সংযোগে ব্যবহৃত ১৫টি রেগুলেটর জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধ সংযোগে ব্যবহৃত আনুমানিক ৭০০ ফুট প্লাস্টিকের পাইপলাইন উচ্ছেদ ও জব্দ করা হয়।
অভিযানকালে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ১৩ জন ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। তাদের কাছ থেকে মোট ২ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে বিজিডিসিএলের ভিজিল্যান্স বিভাগ, এরিয়া বিতরণ কার্যালয় (গৌরীপুর), ইঞ্জিনিয়ারিং সার্ভিস (কুমিল্লা), সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগ, জনসংযোগ বিভাগসহ কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
বিজিডিসিএলের কর্মকর্তারা জানান, অবৈধ গ্যাস সংযোগ ও জ্বালানি অপচয় রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares