Main Menu

নাসিরনগরে জালের গুদামে আগুন, ১৪ লাখ টাকার ক্ষতির অভিযোগ

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক মৎস্যজীবী সমিতি নেতার জালের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন আগুন দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তবে অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ঘটনাটি উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে গত ১ অক্টোবর গভীর রাতে ঘটে। ভুক্তভোগী বিনোদ দাস (৪৭) খাগালিয়া পূর্ব মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক এবং চিরদিয়া মগলাই ও চিকনদিয়া মেঘনা নদীর কুল জলমহালের ইজারাদার।
ভুক্তভোগীর দাবি, চলতি বছর তিনি প্রায় ৭ লাখ টাকার নতুন জাল ক্রয় করেন। নতুন ও পুরোনো মিলিয়ে প্রায় ১৪ লাখ টাকার জাল নিজ বাড়ির গুদামে সংরক্ষণ করে রেখেছিলেন।
শুক্রবার নাসিরনগর থানায় দেওয়া লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ঘটনার রাতে গুদাম তালাবদ্ধ করে ঘুমাতে যান। রাত আনুমানিক ১টার দিকে বিদ্যুৎ চলে গেলে তার স্ত্রী কবিতা রাণী দাস টয়লেটে যাওয়ার সময় গুদামে আগুন জ্বলতে দেখেন। চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে ছুটে গিয়ে কয়েকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় লোকজন এগিয়ে এসে গুদামের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে গুদামে থাকা অধিকাংশ জাল পুড়ে যায়।
অভিযোগে একই গ্রামের রামু দাস, রুবেল দাস, মনোরঞ্জন দাস, উত্তম দাস, অনন্ত দাস ও সুজন দাসের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
বিনোদ দাসের অভিযোগ, বিল ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে তার বিরোধ চলে আসছে। গত বছরও তারা তার বাড়িঘর ভাঙচুর করেছিল। স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করায় থানায় অভিযোগ করতে কিছুটা দেরি হয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares