Main Menu

নতুন চমক আসছে ফেসবুকে

[Web-Dorado_Zoom]

নতুন চমক আসছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। অভিনব ‘ফেসবুক ক্যামেরা’সহ নতুন ছয়টি চমকপ্রদ ফিচার যোগ করার ঘোষণা দিয়েছেন মার্ক জাকারবার্গ। ফেসবুকের বিশ্ব ডেভেলপার সম্মেলন এফ-৮-এর উদ্বোধনী বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নিউ জোসের ম্যাকেনরি কনভেনশন সেন্টারে গত ১৮ এপ্রিল (বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১১টায়) দু’দিনের এ সম্মেলন শুরু হয়। এ সময় জাকারবার্গ বলেন, ‘ফেসবুকে নতুন আরেক অধ্যায়ের শুরু হচ্ছে। অচিরেই একে বৈশ্বিক স্থানীয় যোগাযোগ মাধ্যমে পরিণত করার নতুন লক্ষ্য স্থির করা হয়েছে।’ ফেসবুকের নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্ছিদ্র করার আরও কার্যকর উপায় খুঁজতে ডেভেলপারদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘বর্তমানে প্রতি মাসে ফেসবুকের মাধ্যমে প্রায় ২০০ কোটি মেসেজ আদান-প্রদান করা হচ্ছে এবং ১২০ কোটি মানুষ ও প্রায় এক লাখ ডেভেলপার সক্রিয় থাকছেন।’ তিনি নতুন কিছু যোগ করতে চলেছেন সবার প্রিয় ফেসবুকে।

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান : জাকারবার্গের নিজের টাইমলাইনে ফেসবুক লাইভ তো ছিলই, অনেক ফেসবুকপ্রেমিক নিজেদের ব্লগ পোস্টেও বর্ণাঢ্য এই অনুষ্ঠান সরাসরি দেখান। ম্যাকেনরি কনভেনশন সেন্টারে এ সময় উপস্থিত ছিলেন চার হাজার ডেভেলপার। বিশ্বজুড়ে আরও লক্ষাধিক ডেভেলপারসহ কয়েক কোটি ফেসবুকপ্রেমিক অনলাইনে সংযুক্ত ছিলেন এই উদ্বোধনী পর্বে। অনুষ্ঠানের শুরুতে এফ-৮-এর এ বছরের লোগো উন্মোচন করা হয়। ফেসবুকের ত্রিমাত্রিক লোগো প্রদর্শিত হয় বিশাল পর্দাজুড়ে।সবাইকে অভিনন্দন জানিয়ে সম্মেলনের মূল বক্তব্য শুরু করেন তিনি।

তিনি বলেন, ‘ফেসবুক গত এক দশকে একটি অধ্যায় পার করেছে। এ পর্বে ফেসবুক বিশ্বজুড়ে সাধারণ মানুষের কাছে অপরিহার্য যোগাযোগ মাধ্যমে পরিণত হয়েছে।’ তিনি বলেন, এখন নতুন আরেক অধ্যায় শুরু করতে চায় ফেসবুক, যার লক্ষ্য হবে ‘গ্গ্নোবালি লোকাল’ যোগাযোগ মাধ্যম। তিনি জানান, ফেসবুক সাধারণ মতপ্রকাশের মৌলিক নীতিতে অটল থাকবে। এরপর তিনি ফেসবুকে নতুন ছয়টি ফিচার চালুর ঘোষণা দেন।

নতুন ছয়টি ফিচারে যা থাকছে : নতুন ছয়টি ফিচারের মধ্যে জাকারবার্গের নিজের ভাষায় সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে ক্যামেরা ইফেক্টস। এ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে তিনি বলেন, এটি মূলত নতুন ধরনের ফেসবুক ক্যামেরা। এতে রয়েছে ফ্রেশ স্টুডিও এবং এআর স্টুডিও। ফটো ফ্রেম স্টুডিওর মাধ্যমে প্রোফাইল পিকচার নিজের মতো করে সম্পাদনা করা যাবে। স্টুডিও থেকেও মন মাতানো ইফেক্ট যোগ করা যাবে। আর এআর স্টুডিওর মাধ্যমে ছবিতে বিভিন্ন নকশার মুখোশ সংযোজন, অ্যানিমেশন, হাতের লেখা সংযোজনসহ লাইভ ডিডিওর ক্ষেত্রেও অনলাইন সম্পাদনা করা সম্ভব হবে। যার ফলে ব্যবহারকারী নিজের মতো করে লাইভ সম্প্রচারের ভার্চুয়াল পরিবেশ তৈরি করে নিতে পারবেন। এফ-৮-এর লাইভ সম্প্রচারেও নতুন এই এআর স্টুডিও ব্যবহৃত হচ্ছে বলে জানান তিনি।

আর একটি আকর্ষণীয় ফিচার হচ্ছে ‘ফেসবুক স্পেস’। এ ফিচারের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা ৩৬০ ডিগ্রি কৌণিকের ভিডিওচিত্রের মাধ্যমে বন্ধুদের সঙ্গে চ্যাট করতে পারবেন। এখানে থাকছে একটি ভার্চুয়াল টিক-ট্যাক-টোই বোর্ড, যা দিয়ে ভার্চুয়ালি যা খুশি তাই আঁকা যাবে এবং নিজের মতো নকশা তৈরির মাধ্যমে মনোরম চ্যাট পরিবেশ তৈরি করে নেওয়া যাবে। জাকারবার্গ ফেসবুক স্পেস সম্পর্কে তার বক্তৃতায় বলেন, প্রকৃত বাস্তব আর ভার্চুয়াল বাস্তবতার মধ্যে অভূতপূর্ব মেলবন্ধনের সৃষ্টি করবে ফেসবুক স্পেস।

তৃতীয় ফিচারটির নাম ‘প্লেস গ্রাফ’। এ গ্রাফে বিশ্বের ১৪০ মিলিয়ন বা ১৪ কোটি স্থানের ছবি, অবস্থান, ওই এলাকার রেস্টুরেন্ট, শপিং স্টোরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যবসায়িক স্থাপনার বিস্তারিত বর্ণনা থাকবে। সঙ্গে ওই স্থান এবং স্থানের ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে স্থানীয় ফেসবুক ইউজারদের মতামতও থাকবে। এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা আগামী ছুটিতে কোথায় বেড়াতে যাবেন তা নির্ধারণ করতে পারবেন।

বাকি তিনটি ফিচার মূলত ফেসবুক ডেভেলপারদের জন্য। যারা ফেসবুকের জন্য নতুন ফিচার তৈরি করতে চান, এর বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমে যুক্ত থাকতে চান এবং এর ব্যবহার সম্পর্কিত তথ্য জানতে চান, এগুলো তাদের কাজে লাগবে। এগুলোর নাম হচ্ছে ‘ডেভেলপার সার্কেলস’, ‘আইডেনটিটি’ এবং ‘নিউ ফেসবুক অ্যানালিটিকস।’

সম্মেলনের দ্বিতীয় দিন : সম্মেলনের দ্বিতীয় দিনে ফেসবুকে আগামী দিনের সম্ভাবনাময় প্রযুক্তি সম্পর্কে বিশেষ নিবন্ধ উপস্থাপন করেন ফেসবুকের চিফ টেকনোলজিস্ট মাইক স্ক্রোফার, কানেকটিভিটি ডিরেক্টর ইয়েল ম্যাগুরি, চিফ সায়েন্টিস্ট মিশেল আরবাস, অ্যাপ্লাইড মেশিন লার্নিং ডিরেক্টর জ্যাকুন কুইনরো এবং ভাইস প্রেসিডেন্ট রেজিনা ডুগান। এ দিনের বিভিন্ন পর্বে মূলত উন্নত প্রযুক্তি ও কারিগরিবিষয়ক বিভিন্ন দিকে ডেভেলপারদের প্রশিক্ষণ দেওয়া হয়। সবশেষে তিন ঘণ্টার গালা পার্টির মধ্য দিয়ে শেষ হয় ফেসবুকের দু’দিনের বিশ্ব সম্মেলন। চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ফেসবুক কমিউনিটি সম্মেলন, যেখানে ফেসবুকের বিভিন্ন পেজ অ্যাডমিনরা অংশ নেবেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares