‘ধৈর্যের সীমা পেরোলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে’— রুমিন ফারহানাকে নিয়ে নাদিয়া পাঠান
[Web-Dorado_Zoom]
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন বলেছেন, ব্যারিস্টার রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যে দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং ধৈর্যের সীমা অতিক্রম হলে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের বেকিনগর গ্রামে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাদিয়া পাঠান বলেন, রুমিন ফারহানার বক্তব্যে বিএনপির নেতাকর্মীদের সহ্যসীমা পার হয়ে যাচ্ছে। আমাদের ধৈর্যেরও একটি সীমা আছে। সেই সীমা অতিক্রম হলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, যা কাম্য নয়।
তিনি দাবি করেন, বিএনপি রুমিন ফারহানাকে রাজনৈতিক পরিচিতি অর্জনের সুযোগ করে দিয়েছিল। কিন্তু বর্তমানে তিনি দলের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করছেন। নাদিয়া পাঠান আরও বলেন, গত ১৭ বছরে বিএনপির বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও অবস্থান তাকে লিখে দেওয়া হতো এবং তিনি সেগুলো জনগণের সামনে উপস্থাপন করতেন।
রুমিন ফারহানার ‘বাবা-দাদার রাজনীতি’ সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, কেউ যদি নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হন, তাহলে বারবার পারিবারিক পরিচয়ের আশ্রয় নেওয়ার প্রয়োজন হয় না।
নাদিয়া পাঠান অভিযোগ করেন, বিএনপির শীর্ষ নেতৃত্বকে নিয়ে রুমিন ফারহানার কিছু বক্তব্য নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, এসব মন্তব্য দলের ভেতরে অস্বস্তি ও অসন্তোষ বাড়াচ্ছে।
বৃক্ষরোপণ কর্মসূচিটি বিএনপির ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
« আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু (Previous News)
(Next News) বিজয়নগরে সংঘর্ষ থামলেও থামেনি আতঙ্ক, ঘরবাড়ি ছাড়ছেন মানুষ »



















