আশুগঞ্জে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এতে ইখতারা সরকার (৩০) নামে এক গৃহবধূর শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। গুরুতর দগ্ধ অবস্থায় তিনি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার চরচারতলা এলাকার সরকার বাড়িতে এ ঘটনা ঘটে।
ইখতারা ওই এলাকার ঈদন সরকারের মেয়ে। তাঁর স্বামী জাহাঙ্গীর মিয়ার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়। প্রায় ১৫ বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
পরিবারের সদস্যদের অভিযোগ, প্রায় এক বছর ধরে জাহাঙ্গীর মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। তিনি প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। প্রায় দেড় মাস আগে মারধরের পর দুই বছর বয়সী ছেলেকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন ইখতারা।
স্বজনদের দাবি, গত শুক্রবার (৩০ অক্টোবর) ছোট ছেলেকে নিতে শ্বশুরবাড়িতে আসেন জাহাঙ্গীর। এ সময় স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরদিন শনিবার ভোরে ইখতারার মা ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হলে সেই সুযোগে জাহাঙ্গীর ঘরে ঢুকে বিছানায় ঘুমিয়ে থাকা ইখতারার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। পরে গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক স্বামীকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
« কসবায় সাতগ্রাম অ্যাডভোকেট হারুনুর রশিদ খান উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ (Previous News)
(Next News) শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা »



















