Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা

[Web-Dorado_Zoom]

আশুগঞ্জে পেশাগত দায়িত্ব পালনের সময় এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাংবাদিক ইসহাক সুমনের ওপর হামলার ঘটনার ৪ দিন পর ৯ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে আশুগঞ্জ থানায় সাংবাদিক ইসহাক সুমন নিজেই বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়।

মামলার আসামিরা হলেন, জেলার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দিলু মিয়ার ছেলে আরিফ মিয়া, আতাবউল্লাহ মিয়ার ছেলে সালাউদ্দিন, হিরু মিয়ার ছেলে আরিফ মিয়া, ও লালু মিয়া, কুদ্দুস মিয়ার ছেলে আশরাফুল ইসলাম ও কামাল মিয়া, লীল মিয়ার ছেলে মিলন মিয়া ও জীবন মিয়া, শফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, দূর্গাপুরে পূর্ববিরোধের জেরে ২৭ মার্চ দুই গোষ্ঠীর মারামারি হলে ৬ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদ হোসেন নামে একজনের মৃত্যু হয়। এরই জেরে প্রতিপক্ষের লোকজন বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট করে। এসব ঘটনার সংবাদ সংগ্রহের জন্য ৭ এপ্রিল বিকালে দূর্গাপুরে গিয়ে বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলার সময় বিনা উসকানিতে কিছু লোকজন পরিকল্পিতভাবে হামলা চালায়।

এসময় তাদের হাতে থাকা ধারাল অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হলে রক্তাক্ত জখম হয়। এসময় পুরো শরীরে লোহার রড দিয়ে আঘাত করে জখম করা হয় সুমনকে। তার সঙ্গে থাকা ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় আসামিরা। পরবর্তীতে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা হুমকি দিয়ে চলে যায়।

এই ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. বিল্লাল হোসেন বলেন, বাদীর টাইপ করা এজাহার পেয়ে মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।

হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন ও আশুগঞ্জ প্রেস ক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। প্রশাসনের কাছে দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares