Main Menu

আখাউড়ায় মন্দিরের চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, ভাঙারির দোকানে মিলল প্রতিমা, গ্রেফতার ২

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরের গ্রিল কেটে চুরি হওয়া স্বর্ণ ও রুপার অলংকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া চুরি হওয়া পিতলের চারটি প্রতিমাসহ বিভিন্ন পূজার সামগ্রী একটি ভাঙারির দোকান থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে পৌর এলাকার বড় বাজার ও মালদারপাড়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আখাউড়া পৌর এলাকার বড় বাজারের জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) এবং মালদারপাড়ার আকাশ মালদার ওরফে হাসিব (২৮)। চুরি হওয়া প্রতিমাগুলো উপজেলার মসজিদপাড়ায় নিয়াজ ভূঁইয়ার বাড়ির ভাড়াটিয়া তাজুল ইসলামের (৬২) ভাঙারির দোকান থেকে উদ্ধার করা হয়। তাজুল ইসলামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নুনিয়া গ্রামে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
স্থানীয় লোকজন ও মন্দির সূত্রে জানা গেছে, রোববার (১১ অক্টোবর) দিবাগত রাতে দুর্বৃত্তরা মন্দিরের পেছনের দিকের গ্রিলের একাংশ কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা সোনা ও রুপার অলংকার, ছয়টি পিতলের প্রতিমা এবং প্রণামির বাক্সে থাকা আনুমানিক ১৫ থেকে ২০ হাজার টাকা নিয়ে যায়। চুরি হওয়া স্বর্ণ ও রুপার অলংকারের মূল্য প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা।
পরদিন সকালে মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্তী চুরির বিষয়টি বুঝতে পারেন। খবর পেয়ে সকাল নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে আখাউড়া থানায় মামলা করা হয়।
পুলিশ জানায়, সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে জারু মিয়াকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং এ ঘটনায় আকাশ মালদারের সম্পৃক্ততার কথা জানান। পরে আকাশকেও গ্রেপ্তার করা হয়।
জারু মিয়ার বাড়ি থেকে দুই আনা ওজনের এক জোড়া সোনার কানের দুল, চারটি ইমিটেশনের মুকুট, রুপার দুটি বাঁশি, একটি চাঁদ ও একটি হার উদ্ধার করা হয়।
পরে দুই আসামিকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে পলাতক তাজুল ইসলামের ভাঙারির দোকান থেকে পিতলের একটি বড় রাধার মূর্তি, গৌর-নিতাইয়ের দুটি মূর্তি, গোপালের একটি ছোট মূর্তিসহ বিভিন্ন পূজার সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার করা অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে পিতলের কাঁসা, গাছা, পঞ্চপ্রদীপ, তিন জোড়া করতাল, প্রদীপদানি, তামার বাটি, ছোট-বড় দুটি কোসাকুসি এবং শঙ্খ রাখার স্ট্যান্ড।
রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ বলেন, মন্দিরের পেছনের দিকের গ্রিল কেটে এ চুরির ঘটনা ঘটানো হয়েছে। চুরি হওয়া স্বর্ণ ও রুপার অলংকারের মূল্য দুই থেকে আড়াই লাখ টাকা। এ ছাড়া প্রণামির বাক্স থেকে ১৫ থেকে ২০ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। পুলিশ দ্রুত সময়ের মধ্যে চুরি হওয়া মালামাল উদ্ধার করেছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুজনকে মন্দিরে চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা মালামালের মধ্যে স্বর্ণালংকার ও বিভিন্ন পূজার সামগ্রী রয়েছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares