Main Menu

স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে জেতাটা সহজ ছিল না: রুমিন ফারহানা

[Web-Dorado_Zoom]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে জেতাটা সহজ ছিল না বলে মনে করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাঁস প্রতীকে জয়ী রুমিন ফারহানা।
তিনি বলেন, “বিএনপি থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা সহজ ছিল না। তবে আমার চেয়েও বেশি কঠিন সময় পার করেছেন নেতাকর্মীরা। “গত ১৭ বছর ধরে তারা ত্যাগ ও পরিশ্রম করেছেন, অনেকে ঘরে থাকতে পারেননি, বহিষ্কারের মুখেও পড়েছেন।”
শুক্রবার দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুরের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা তার প্রতীক হাঁস নিয়ে উপস্থিত হন।
সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার দুই ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির বহিষ্কৃত রুমিন ফারহানা এক লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি জুনায়েদ আল হাবিব পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট।
পেশায় আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “আমি না জিতলে হয়তো আবার ঢাকায় ফিরে পেশায় যোগ দিতাম। কিন্তু আমার কর্মীরা কোথায় যেত? তাদের এই ভালোবাসার ঋণ কীভাবে শোধ করব?”
সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা ভোট গ্রহণে অনিয়মের অভিযোগও তোলেন। তার দাবি, ভোটের দিন দুপুরের পর কয়েকটি কেন্দ্রে ভোট কারচুপির চেষ্টা এবং ফল ঘোষণায় দেরি করার চেষ্টা হয়েছে। নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, দলীয় প্রার্থী না হওয়ায় নিজের অবস্থান টিকিয়ে রাখতে হলে কাজের বিকল্প নেই। আবার যদি ভোটে দাঁড়াতে হয়? কাজই হবে একমাত্র ভরসা।
বিএনপিতে ফেরার বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, দল যদি তাকে ফেরাতে চায়, তবে তার সঙ্গে দলের বহিষ্কৃত নেতাকর্মীদেরকেও ফিরিয়ে নিতে হবে।
সংবাদ সম্মেলনে প্রতীকের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরেন রুমিন ফারহানা। তিনি বলেন, ছোটবেলা থেকেই হাঁস-মুরগি ও কবুতর পালনের অভ্যাস ছিল তার। পারিবারিক কারণে এক সময় শহুরে জীবনে চলে গেলেও ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে আবার সেই শখে ফিরেছেন।
অবসর সময় কাটান হাঁস-মুরগির সঙ্গে; আর এ আবেগ থেকে নির্বাচনে ‘হাঁস’ প্রতীক বেছে নেন এর স্বতন্ত্র প্রার্থী।
রুমিন ফারহানা বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। একাদশ জাতীয় সংসদে তিনি বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন রুমিন ফারহানা। পরে দল থেকে বহিষ্কার হন তিনি।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares