সরাইলে ট্রাক ওভারটেক করতে গিয়ে শ্রমিকবাহী বাস খাদে, ৩০ যাত্রী আহত
সরাইলে ট্রাক ওভারটেক করতে গিয়ে শ্রমিকবাহী বাস খাদে পড়ে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার খাঁটিহাতা মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ নিহত হয়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে জেলার আশুগঞ্জ উপজেলা থেকে বাসটি শ্রমিকদের নিয়ে কুট্টাপাড়াস্থ একটি ব্যাগ ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা দেয়। পথে কুট্টাপাড়া মোড় এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠান।
বর্তমানে জেলা সদর হাসপাতালে আহত ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. সজীব মিয়া জানান, খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে বলেও জানান তিনি।



















