ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মাদক, জুয়া ও কিশোর গ্যাং দমনে জোরদার অভিযানের দাবি
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, জুয়া, কিশোর গ্যাং, চুরি ও যানজট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন বক্তারা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান। সভায় বক্তব্য দেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরূপা ভৌমিক, সাংবাদিক নিয়াজ মো. খান বিটু, গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন, এনজিও নেতা এস এম শাহীন, জেলা বিএনপির নেতা নূরুল হুদা, নারী নেত্রী ফারজানা খানম জারমিন, ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, আতিকুর রহমান শফিক ও আতিকুল ইসলাম জালালসহ অনেকে।
সভায় বক্তারা বলেন, সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে নাটাই ইউনিয়নের বটতলী বাজার ও তিতাস নদীর পূর্বপাড়ের মাইমলহাটি এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর বসার অভিযোগ তুলে তা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এছাড়া অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের তৎপরতায় সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে বলেও মন্তব্য করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, শহরে অবৈধ মোটরসাইকেলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। হেলমেট ছাড়া বেপরোয়া গতিতে এসব যানবাহন চলাচল করায় দুর্ঘটনা ও অপরাধপ্রবণতা বাড়ছে। পাশাপাশি টিউবওয়েল, বিদ্যুতের সার্ভিস লাইন, এসির কুলিং পাইপ, নির্মাণাধীন ভবনের রড ও দরজা-জানালা চুরির ঘটনা বেড়েছে। এসব চোরাই মাল কেনাবেচার সঙ্গে জড়িত ভাঙারির দোকানগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর দাবি জানান তারা।
যানজট ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে বিরাসার মোড় গ্যাসফিল্ড এলাকা, গোর্কণঘাট সেতুর গোড়া এবং সূর্যমুখী কিন্ডারগার্টেনের সামনে ট্রাফিক পুলিশ মোতায়েনের পাশাপাশি অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদার এবং মসজিদ রোড ও পুরাতন কোর্ট রোডকে ওয়ানওয়ে করার প্রস্তাবও উত্থাপন করা হয়।
সভায় সদর মডেল থানার ওসি খাইরুল আলম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের কোনো আপস নেই। মাদক নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। একই সঙ্গে সামাজিকভাবে মাদকবিরোধী আন্দোলন গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, সদর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক রয়েছে। তবে মাদক, যানজট ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন, শহরের বিভিন্ন সড়কের সংস্কারে পৌর কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। যানজট নিরসন এবং অবৈধভাবে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে কোনো ধরনের নাশকতা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
« নবীনগরে আওয়ামী লীগ নেতা সত্য রঞ্জন গ্রেপ্তার (Previous News)
(Next News) বাঞ্ছারামপুরে শিক্ষা অফিসে ফ্যান খুলে পড়ে কর্মকর্তা আহত »



















