Main Menu

বাঞ্ছারামপুরে শাশুড়িকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ:: পুত্রবধূ আটক

[Web-Dorado_Zoom]

বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জের ধরে শাশুড়িকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে।

রবিবার সন্ধ্যায় উপজেলা সদরের আসাদনগর মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত পারুল বেগম ওই এলাকার আব্দুল ওয়াহিদের স্ত্রী। সোমবার এ তথ্য নিশ্চিত করেন বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান।

ওসি জানান, পারুল আক্তার ও আব্দুল ওয়াহিদ দম্পতির একমাত্র ছেলে বিল্লাল প্রবাসে (সৌদি আরব) থাকেন। বাড়িতে তারা দুজন ছাড়াও বিল্লালের বউ লিলি আক্তার (৩০) বসবাস করেন। লিলি তিন সন্তানের মা। পারুলের সঙ্গে পুত্রবধূ লিলির পারিবারিক নানান বিষয় নিয়ে প্রায় সময় বাকবিতণ্ডা হতো। রবিবার সকালে আব্দুল ওয়াহিদ কুমিল্লায় চিকিৎসার জন্যে যান। সন্ধ্যায় বউ-শাশুড়ির মধ্যে কলহ হয়। সে সময় লিলি ঘরে থাকা হাতুড়ি দিয়ে শাশুড়ি পারুলের মাথা ও মুখে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, হত্যার পর বাড়ির উঠানে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে তৎক্ষণিক তদন্ত শুরু করে। এ সময় ঘরের পারিপার্শ্বিক অবস্থা দেখে পুত্রবধূ লিলিকে সন্দেহ হয়। পরে পুলিশি জেরায় সে শাশুড়িকে হত্যার বিষয়টি স্বীকার করে।

এই ঘটনায় পুত্রবধূ লিলি আক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আজ সোমবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares